নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে ২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
তিনি বলেছেন, ‘শ্রমিকদের জন্য বিকল্প ব্যবস্থা না করে সরকারের মহাসড়কে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত অপরিপক্ব, অযৌক্তিক, অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ ধরনের অনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সরকারের উচিৎ ছিল লাখ লাখ শ্রমিক ও তাদের পরিবারের রুটিরুজির কথা বিবেচনায় আনা।’
বুধবার সকালে রামপুরায় ‘মহাসড়কে অটোরিকশা চলচল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে’ বিপ্লবী শ্রমিক ফোডারেশন আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘শ্রমিক মালিকদের সাথে আলাপ-আলোচনা করে বিকল্প পদ্ধতিতে সমস্যা সমাধান না করে হঠাৎ করে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের কারণে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে বিশৃঙ্খ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সকল দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’
তিনি বলেন, ‘বিকল্প ব্যবস্থা না করে সারাদেশে মহাসড়কগুলোতে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রদান করে সরকার শ্রমজীবী মানুষের রুটিরুজির উপর আঘাত করেছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে সারাদেশে লক্ষ-লক্ষ মানুষ বেকার হয়ে পড়বে। অটোরিকশা বন্ধে সেতুমন্ত্রীর একগুয়েমী অবস্থান মূলত দেশের শ্রমজীবী মানুষের প্রতি অবজ্ঞা ছাড়া অন্য কিছুই নয়।’
ফোডারেশনের আহ্বায়ক আবদুল কাউয়ূম মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ন্যাপ যুগ্ম-মহাসচিব স্বপন কুমার সাহা, নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, ফেডারেশন নেতা ডা. হাকিম রিয়াজউদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. শামিম ভুইয়া, মো. বেল্লাল হোসেন, মো. আবুল কালাম সরদার প্রমুখ।

