ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যবর্তী নির্বাচনে আন্তর্জাতিক চাপ নেই

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : ‘মধ্যবর্তী নির্বাচন নিয়ে সরকারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ নেই। বিএনপি কেন এই মুহুর্তে নির্বাচন চাচ্ছে সেটা খালেদা জিয়াকে জিজ্ঞেস করুন’, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ছিটমহল বিনিময় হওয়ায় ভারতের সব দলকে অভিনন্দন জানাই। এর মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উষ্ণতা পেয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তিস্তার পানি সমস্যাসহ সব সমস্যার সমাধান হবে।’
তিনি আরো বলেন, ‘১৪ দল বন্যায় উদ্বেগ প্রকাশ করেছে। তবে সরকারের ত্রাণ ও উদ্ধার তৎপরতায় ১৪ দল নেতারা সন্তোষ প্রকাশ করেছে। আমরা ১৪ দলের পক্ষ থেকে দূর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।’
সারা দেশের মহাসড়কে থ্রি হুইলার যান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সরকার তাদের সমস্যা কথা ভেবে দক্ষতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে বলেও যোগ করেন মোহাম্মদ নাসিম।
এ সময় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় ১৪ দলের এ মুখপাত্র। কর্মসূচির মধ্যে রয়েছে-১২ আগস্ট ভোর সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২-নম্বর রোডের বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে কেন্দ্রীয় ১৪ দলের প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন নেতারা। ১৩ আগস্ট বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট সকালে ধানমণ্ডির ৩২-নম্বর রোডের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ১৪ দল নেতারা। এ ছাড়া প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে ১৪ দলকে জাতীয় শোক দিবস উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল প্রমুখ।