নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কখনো স্বাধীনতাকে বিশ্বাস করেননি মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করেছিল। আর সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন জিয়া।
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের নির্দেশে স্বাধীনতাকে হত্যা করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনেছিলেন। শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর ওয়াপদা ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের এক আলোচনা হানিফ এসব কথা বলেন।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘আপনি একাত্তরের পরাজিত শক্তির নির্দেশে আন্দোলনের নামে সন্ত্রাসী ও নাশকতা কর্মকাণ্ড চালিয়েছিলেন। সে জন্য দেশের মানুষ আপনাকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। ভবিষ্যতেও যদি সন্ত্রাসী ও নাশকতা কর্মকাণ্ড চালান দেশের মানুষ আপনাকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে।’
দেশে আওয়ামী লীগ সরকার যখন ভালো পদক্ষেপ নেয় তখন পরাজিত শক্তিদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া বাধা সৃষ্টি করেন বলেও মন্তব্য করেন হানিফ।
আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া মধ্যবর্তী নির্বাচন চান। আমি জিজ্ঞাস করতে চাই আপনি কি নির্বাচন চান। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ আর রাজনীতির নামে ভাঙা গড়ার খেলা আর দেখতে চায় না। মানুষ ভাগ্যের পরিবর্তন চায়।’
সংগঠনের সভাপতি মোল্যা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ ও ক্রাফ্ট ফেডারেশন বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন খান প্রমখ।

