কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোলবোমা হামলায় ৭ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজির হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ার।
সুপ্রীম কোর্টের আপিল বিভাগের নির্দেশে তিনি সোমবার দুপুরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নালিশি আদালত-৫ এ হাজির হন।
এমকে আনোয়ারের আইনজীবী হারুনুর রশিদ জানান, পেট্রোলবোমা হামলায় ৭ জন নিহতের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহীদুল্লা কায়সারের আদালতে হাজির হয়েছেন। তবে মামলার মূলনথি সেশন কোর্টে থাকায় মামলার বিষয়ে কোনো সিদ্ধন্ত হয়নি। নথি দেখা সাপেক্ষে পরবর্তী আদেশ প্রদান করা হবে বলে জানান এমকে আনোয়ারের আইনজীবী।
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোলবোমা হামলায় ৭ জন নিহতের ঘটনায় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় এমআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ৫৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার প্ররোচণাদাতা হিসেবে ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে এমকে আনোয়ারসহ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতার নাম রয়েছে।

