নিজস্ব প্রতিবেদক : সরকার বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর বিএনপির সভাপতি আব্দুল মান্নান। তিনি বলেছেন, ‘আমরা এখনো বিশ্বাস করি বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। তাই এই দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে সরকার বিএনপি জনপ্রিয়তা নষ্ট করার ষড়যন্ত্র করছে।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব বলেন মান্নান। বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে আমান উল্লাহ আমান ছাড়াও কারাগারে থাকা বিএনপির অন্য নেতাদেরও মুক্তি দাবি করেন মান্নান।
আমানের মুক্তি দাবিতে সংবাদ সম্মেলনে কেরাণীগঞ্জ মডেল থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কর্মসূচি হলো- ৫ আগস্ট ঢাকা জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশ, ৭ আগস্ট ঢাকা জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ, ১১ আগস্ট কেরাণীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ, ১২ আগস্ট কেরাণীগঞ্জ মডেল থানা কৃষক দলের প্রতিবাদ সমাবেশ এবং ১৬ আগস্ট কেরাণীগঞ্জ মডেল থানা বিএনপির প্রতিবাদ সমাবেশ।
কর্মসূচি ঘোষণার পর আব্দুল মান্নান বলেন, ‘আমরা এই ৫ দিনের কর্মসূচি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজন করার উদ্যোগ নিয়েছি। তাই আমরা বিশ্বাস করি আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো বাধা দেবে না। একইসঙ্গে আমরা বিশ্বাস করি সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমানসহ গ্রেপ্তার হওয়া সব নেতাকে মুক্তি দেবেন এবং তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নেবেন।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার জিয়াউর রহমান খান, ডা. দেওয়ান মো. সালাহ উদ্দিন বাবু, ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবির পল।

