নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিকভাবে মুক্তি লাভের কথা নয়, কারাগারে বন্দি বিএনপি নেতাকর্মীদের অসুস্থতার কথা বলা হচ্ছে। আটক নেতাকর্মীরা অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নানসহ সব নেতাকর্মীদের আরোগ্য কামনায় কত্মে শেফা ও দোয়া মাহফিলের আগে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কারাগারে আটক নেতাকর্মীরা অসুস্থ অবস্থায় দিন-রাত কাটাচ্ছে। তারা খুব অসুবিধায় আছে। সরকারকে আমরা বারবার বলছি। আমাদের নেতাকর্মীরা কারাগারে খুবই অসুস্থ। কিন্তু সরকার আমাদের কথা বিশ্বাস করছে না। তাই আমি সরকারকে বলতে চাই, বিএনপি মিথ্যার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের নেতাকর্মীরা প্রকৃতপক্ষেই কারাগারে অসুস্থ। বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিনা চিকিৎসায় কারাগারে মৃত্যুবরণ করাটাই সব চেয়ে বড় প্রমাণ।’
এরপর কত্মে শেফা ও দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি এমএ মালেক।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

