নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এবং ভারতের হায়দারাবাদের সথগুরু ম্যানেজমেন্ট কনসালট্যান্ট (SATHGURU MANAGEMENT CONSULTANT)’র যৌথ উদ্যোগে গত সোমবার রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ বিজেআরআই’র ট্রেনিং সেন্টারে দিনব্যাপি আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির ডিজিটাল টিল লাইব্রেরি (TEEAL-The Essential Electronic Agricultural Library)’র উপর ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বিজেআরআই’র মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওয়ার্কশপের উদ্বোধন করেন। সথগুরু ম্যানেজমেন্ট কনসালট্যান্টের টিল কর্মসূচির দক্ষিণ এশিয়া বিষয়ক কো-অর্ডিনেটর চন্দ্র শেখর এবং নাদিম গায়কোয়ার্ড উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ওয়ার্কশপ পরিচালনা করেন। আমেরিকার টিল (TEEAL) ডিজিটাল লাইব্রেরিটি অফ-লাইন সিস্টেমে পরিচালিত হয় যেখানে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয় না। এদিন আয়োজিত ওয়ার্কশপের মাধ্যমে ঐ লাইব্রেরির সফটওয়্যারটি বিজেআরআই’র গবেষকদের জন্য উন্মুক্ত করা হয়। এতে ৩৫০টি জার্নাল আছে, যার মধ্যে ৫ লক্ষাধিক আর্টিকেলের সুবিধা পাবেন বিজ্ঞানীরা।
বিজেআরআই’র মহাপরিচালক The Essential Electronic Agricultural Library (TEEAL)’র কার্যক্রমকে স্বাগত জানিয়ে আয়োজিত ওয়ার্কশপের প্রয়োজনীয়তার দিকগুলো তুলে ধরেন। এ সময় তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় এ ধরণের উদ্যোগ কৃষি এবং কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে অনেক সহায়ক হবে। তিনি টিল (TEEAL) কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত বিজ্ঞানীদের ওয়ার্কশপের মাধ্যমে লব্ধ জ্ঞান কৃষি বিষয়ক প্রযুক্তি উদ্ভাবনে প্রয়োগের আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারী বিজ্ঞানীগণ ডিজিটাল লাইব্রেরির বিষয়ে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেন এবং এ লাইব্রেরি তাদের গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত দেন। ওয়ার্কশপ আয়োজনের জন্য তারা বিজেআরআই এবং টিল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
ওয়ার্কশপে বিজেআরআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিকল্পনা, প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগ) ড. চন্দন কুমার সাহা স্বাগত বক্তব্য রাখেন। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিটিসি বিভাগ) ড. এস, এম, মাহবুব আলী বিজেআরআই’র পক্ষে কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটির কৃষি, কারিগরি, জেটিপিডিসি, প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালকগণ, সিএসও, পিএসও, এসএসও এবং এসওসহ সর্বমোট ৩৫ জন কর্মর্কতা ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

