নিজস্ব প্রতিবেদক : দোষী প্রমাণিত হলে কুখ্যাত রাজাকার বদর নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীর ফাঁসি ছাড়া অন্য কোনো আদেশ বাংলার জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত কুখ্যাত রাজাকার সাকা চৌধরীর ফাঁসির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।
মোজাম্মেল হক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় যে সালাউদ্দীন কাদের চৌধুরী ধর্ষণ ও হত্যার মতো জঘণ্যতম অপরাধের সঙ্গে জড়িত, সেই ব্যক্তি দোষী প্রমাণিত হলে ফাঁসির আদেশ ছাড়া অন্য কোন রায় বাংলার জনগণ মেনে নেবে না।’
তিনি বলেন, ‘১৯৭১ সালে সাকা চৌধুরী পাকিস্তানের সহচর হিসেবে যে কাজ করেছেন এটি শুধু বাংলাদেশের মানুষ জানে না, বিশ্ববাসীও জানে। তিনি নিজে যেমন জঘন্যতম অপরাধ করেছেন, অন্যদেরও অপরাধ করতে উৎসাহিত করেছেন।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ঢাকা মহানগর কমান্ডার আমির হোসেন মোল্লা, ডেপুটি কমান্ডার শহিদুল ইসলাম মোল্লা, লুৎফর রহমান প্রমুখ।
একই সময়ে একই দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। আর সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

