পটুয়াখালী প্রতিনিধি : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাকে পটুয়াখালী থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।
দুমকি থানা পুলিশের দায়ের করা মামলায় সোমবার দুপরে পটুয়াখালী জেলা জজ আদালতে রাজিবের জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক বিমল চন্দ্র সিকদার জামিন নামঞ্জুর করেন।
এর আগে, সকাল ৭টায় পটুয়াখালী কারা কর্তৃপক্ষ তাকে ঢাকায় নিয়ে যায় বলে রাজিবের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাতে ছাত্রদল সভাপতি রাজিবকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে আটক করে দুমকি থানা পুলিশ। পরদিন পুলিশের দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়। এ সময় তার সঙ্গে আটক আরও পাঁচ ছাত্রদল নেতাকর্মী ও গাড়ি চালককেও জেলহাজতে পাঠানো হয়। রাজিবের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মোট ২১টি মামলা রয়েছে।

