নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম গোফরানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রাজউক ভবনে টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী যুগলীগের কেন্দ্রীও কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে গোফরানকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এর আগে গত ১২ জুলাই চাঁদাবাজির দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে সাময়িক বহিষ্কার করা হয়।
রেজাউল করিমের বিরুদ্ধে রাজধানী সুপার মার্কেটের কমিটি দখল করে চাঁদাবাজির নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে। মার্কেট কমিটির বর্তমান সভাপতি মহানগর আওয়ামী লীগের সদস্য ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক ওরফে মঞ্জু। অবশ্য তার বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ।
র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটে অভিযান চালিয়ে যুবলীগের নেতা রেজাউল করিমসহ ১১ জনকে আটক করলেও রাজনৈতিক চাপে পরে রেজাউলকে ছেড়ে দেয়। বাকি ১০ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।

