নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার প্রধান সাক্ষী দুদক কর্মকর্তা হারুনুর রশীদের বিরুদ্ধে জেরা চলমান রেখে আগামী ৩ আগস্ট পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রেখেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩।
বৃহস্পতিবার রাজধানীর আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার মামলার পরবর্তী তারিখ নির্ধারণের এ আদেশ দেন।
এর আগে সাক্ষী হারুন-অর রশীদকে আংশিক জেরা করেন খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
জেরা চলাকালে বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অনেক আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ১০টা ১০ মিনিটে আদালত চত্বরে আসেন।
এই মামলায় সর্বশেষ গত ৫ এপ্রিল খালেদা জিয়া আদালতে হাজিরা দেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ নয়জনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। অন্যদিকে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়।

