সিলেট প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে নোটিশ দিয়েছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি’ কাজের অভিযোগে এহিয়াকে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা জাতীয় পার্টির অফিসিয়াল ইমেইল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নোটিশের বিষয়টি জানানো হয়। নোটিশের নিচে এরশাদের সই রয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘গত ৮ জুলাই জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ওই ইফতার মাহফিলে আপনাকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
‘কিন্তু আমার নির্দেশে পার্টির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইফতারে অংশগ্রহণ করলেও আপনি ইফতার পার্টিতে অংশগ্রহণ না করে দলবল নিয়ে সার্কিট হাউজের দরজা ভাঙচুরসহ অসংখ্য নেতাকর্মীদের মারধর করেন। যার ফলে জাতীয় পার্টির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার হয় এবং পার্টির নেতাকর্মীর নামে একটি মামলা রুজু হয়।’
‘এছাড়াও আপনি ওইদিন জেলা জাতীয় পার্টির ইফতারকে পণ্ড করার জন্য অন্য জায়গায় আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করেন। আপনার ওই কার্যক্রম কেন দলীয় শৃঙ্খলা পরিপন্থি হবে না তা আগামী ৭ দিনের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেয়া হচ্ছে।’
এতে আরও উল্লেখ করা হয়েছে, যদি ৭ দিনের মধ্যে সাংসদ এহিয়া জবাব না দেন তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

