খাগড়াছড়ি প্রতিনিধি : একই স্থানে আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠন পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় খাগড়াছড়ির মানিকছড়িতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার মানিকছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পাল্টাপাল্টি সমাবেশের প্রচারণা করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য উপজেলার গিরি মৈত্রী ডিগ্রি কলেজ এলাকা, গচ্ছাবিল, জামতলী, পিছলাতলা, বকরিপাড়া এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা যুঁথিকা সরকার ১৪৪ ধারা জারির বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলামেইলকে জানান, বিশৃঙ্খলা এড়াতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে ১৪৪ ধারাকে অগণতান্ত্রিক আখ্যায়িত করে ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নিরণ চাকমা বাংলামেইলকে বলেন, ‘জুম্মজাতির ভূমি দখলের প্রতিবাদে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার আমাদের কর্মসূচি ছিল। কিন্তু সরকারের ইন্দনে একটি মহল তা প্রতিহত করতে পাল্টা কর্মসূচি দিয়েছে।’

