পাঞ্জেরী ডেস্ক : পৃথক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও মানিকগঞ্জে নয় জন নিহত ও আহত হয়েছে আরো ১০ জন।
সোমবার রাত একটার দিকে মানিকগঞ্জে ও মঙ্গলবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জে এ দুর্ঘটনা দুটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে পাটুরিয়াগামী পিকআপটির সঙ্গে বিপরীতমুখি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। এতে আরো ৭ জন যাত্রী আহত হয়েছে।
নিহতরা হলেন-মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর এলাকার আনু মোল্লার ছেলে পিকআপচালক তসলিম মিয়া (৩৫), সদর উপজেলার জয়নগর এলাকার আক্কাছ আলীর ছেলে পিকআপকের হেলপার রাব্বী মিয়া (১৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকার জাকের মিয়ার ছেলে বাসচালক রাসেল মোল্লা (৩৪), নড়াইলের লোহাগড়া উপজেলার কলাগাছি এলাকার মৃত নাছির মোল্লার ছেলে বাসযাত্রী তকদির মোল্লা (৭০)। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, লাশ উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মাহমুদুল ইসলাম (৪০), একই থানার রানীনগর তেলকুপি গ্রামের মৃত সোমেদ মোল্লার ছেলে আমজাদ হোসেন মাস্টার (৫০), একই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে জাহাঙ্গীর আলম মাস্টার (৫০), দাদনপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সিএনজি চালক বকুল (২২)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানায়, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা উল্লাপাড়া থেকে হাটিকুমরুল গোলচত্বর যাওয়ার পথে একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করে। পিছন থেকে নবীনবরণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সিএনজিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ ৫ যাত্রী নিহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ইমদাদুল হক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

