নিজস্ব প্রতিবেদক : চুরির অভিযোগে বেঁধে রেখে শেখ শামিউল আলম রাজন নামের সিলেটের এক শিশুকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সরকারকে দুষলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার দুপুরে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ ঘটনার জন্য সরকারকেই দায়ী করেন।
বিবৃতিতে বলা হয়, ‘দেশের যুবসমাজের মধ্যে যে কি সাংঘাতিক নৈতিক অবক্ষয় ঘটেছে কিশোর শেখ শামিউল আলম রাজনের লোমহর্ষক হত্যাকাণ্ড তারই জলন্ত প্রমাণ। এ ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয়, বর্তমান সরকারের দুঃশাসন ও কুশাসনের ফলে দেশের যুবসমাজ চাঁদাবাজী, টেন্ডারবাজী, মাদকব্যবসা এবং খুনাখুনি ও সন্ত্রাসে জড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমণের উদ্দেশ্যে দলীয় সন্ত্রাসীদের ন্যায় ব্যবহার করার কারণেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।’
আরো বলা হয়, ‘সিলেটের কিশোর শেখ শামিউল আলম রাজনকে চুরির অভিযোগে প্রকাশ্য দিবালোকে ৫/৬ জন উচ্ছৃঙ্খল যুবক প্রায় আধা ঘণ্টা নির্যাতন চালিয়ে যেভাবে হত্যা করেছে তা কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না। নৃশংস এ হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

