নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার কচ্ছপ উদ্ধার করেছে কাস্টমস হাউজ।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে এসব উদ্ধার করা হয়।
কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভিয়েতনামে পাচারের উদ্দেশে আনা কচ্ছপগুলো বিমানবন্দরের ‘এক্সপোর্ট ভিলেজ’ থেকে উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এর আগে মাত্র এক সপ্তাহ আগে, গত ৬ জুলাই রোববার রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সপোর্ট ভিলেজে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে নিয়ে আসা প্রায় তিন হাজার কচ্ছপ উদ্ধার করে কাস্টমস হাউজ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরো একটি চালান উদ্ধার করা হলো।
সংশ্লিষ্টরা বলছেন, সবজির চালানের সঙ্গে এবং নানা অভিনব উপায়ে বণ্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্যরা এসব কচ্ছপ পাচার করছে বিদেশে। দেশের বিভিন্ন স্থান থেকে বিরল প্রজাতির এসব কাছিম বা কচ্ছম সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন তারা।

