নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা আইয়ুব খানের মায়ের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আইয়ুব খানের পরিবারের সঙ্গে দেখা করার অনুরোধ জানান।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় জড়িত ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়াকে উদ্দেশ করে জাফরুল্লা চৌধুরী বলেন, ‘আপনি আইয়ুব খানের মায়ের সঙ্গে দেখা করে তাকে বলেন, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আপনার সন্তানকে আমরা বাঁচাতে পারিনি।’
আইয়ুব খানের হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে অবিলম্বে বিচার করতে হবে এবং প্রধান বিচারপতির মাধ্যেমে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। কারণ এ বিচার নিয়ে জনমনে যাতে কোনো প্রশ্ন না থাকে।’
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ রক্ষা এবং গণতন্ত্র রক্ষার জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই মুক্তিযোদ্ধাদের যখন এভাবে মৃত্যুবরণ করতে হয় তখন জাতি হিসেবে আমরা লজ্জিত হই। এই হত্যাকাণ্ডের জন্য সমগ্র বাংলাদেশই আজ লজ্জিত।’
আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

