সাতক্ষীরা প্রতিনিধি : কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় বিএসএফের গুলিতে মুকুল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি গরু রাখাল নিহত হয়েছেন।
শনিবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুকুল সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত মহাতাব উদ্দিনের ছেলে।
সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মুকুল তার কয়েকজন সঙ্গীর সঙ্গে শুক্রবার রাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যায় গরু আনতে। গরু নিয়ে দেশে ফেরার পথে শনিবার রাত ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় পৌঁছালে বিএসএফ খলিশা ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মুকুল কোমরে গুলিবিদ্ধ হয়ে ভারত সীমান্তের একটি পাটক্ষেতে পড়ে যায়। এ সময় অন্যরা পালিয়ে দেশে চলে আসতে সক্ষম হয়। পরে মুকুলের মোবাইল ফোন পেয়ে সঙ্গীরা ভারত সীমান্তের পাটক্ষেত থেকে তাকে উদ্ধার করে দেশের আনার পথে মারা যান। তবে বিজিবি ও প্রশাসনের ঝামেলা এড়াতে নিহত গরু রাখাল মুকুলের লাশ গোপন করে রাখা হয়েছে বলে সূত্র জানায়।
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউপি চেয়ারম্যান আবু রায়হান জানান, ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার পথে বিএসএফের গুলিতে হওয়ালখালী গ্রামের মুকুল হোসেন নামে একজন নিহত হয়েছে বলে শুনেছেন। তবে লাশের অবস্থান সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক জানান, আমরা এরকম একটি ঘটনা শুনেছি। কিন্তু এখনও পর্যন্ত কোনো লাশ পাওয়া যায়নি। তবে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে। সীমান্ত পেরিয়ে কাউকে ভারতে গরু আনতে না যাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত সীমান্তবাসীকে সচেতন করে চলেছি। তারপরও যদি কেউ অবৈভাবে ভারতে গিয়ে হত্যার শিকার হয় তাহলে আমাদের করার কিছু নেই বলে তিনি মন্তব্য করে।

