নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ শহরের একটি বাড়ি থেকে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ২৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। এ ঘটনায় শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার দুপুরে এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
খালেদা জিয়া তার শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন।
সেই সঙ্গে প্রাণহানির ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের দাবি জানান বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার জন্যও স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, স্থানীয় নূরানি জর্দা ফ্যাক্টরির পক্ষ থেকে দুস্থ-অসহায় নারীদের মধ্যে জাকাতের কাপড় বিতরণ করার ঘোষণা দেয়া হয় বৃহস্পতিবার রাতে। এ খবর জানার পর হাজারো নারী-পুরুষ মধ্যরাতের পর থেকেই অতুল চক্রবর্তী রোডে ফ্যাক্টরির গেটের সামনে জড়ো হয়। সেহরির পরে ফ্যক্টরির গেট খুলে দেয়া হয়। এ সময় গেট দিয়ে একসঙ্গে শত শত লোকজন ঢোকার চেষ্টা করলে হড়োহুড়ি লেগে যায়। এতে পদদলিত হয়ে ঘটনাস্থলেই অন্তত ২৫ জনের মৃত্যু হয়। এদের বেশিরভাগই নারী।

