দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুরে পেট্রোলবহনকারী একটি খালি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পাশের কাপড় মার্কেটসহ আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের নতুন বাজার শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। তবে গাড়িতে পেট্রোল না থাকায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
লরির মালিক বিশিষ্ট ব্যবসায়ী বার্মা ট্রেডার্সে স্বত্ত্বাধিকারী মো. রওশন জানান, রাত সাড়ে ১০টার দিকে পেট্রোল ভরা লরিটি পাম্পে পেট্রোল খালাস করে। ফিরে আসার পথে ভুলবশতঃ তেল সরবরাহের পর পাইপের মুখটি বন্ধ না ফিরে আসে। এ সময় শহরের নতুন বাজারে বার্মা ট্রেডার্সে যাওয়ার পথে শহীদ মিনার মোড়ে বাক নেয়ার সময় লরির পাইপে থাকা সামান্য পেট্রোল রাস্তার পাশের ফুটপাতের সিদ্ধ ডিমের দোকানের চুলায় পড়ে। সেখান থেকে আগুন লরিতে ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপন গ্যাস সিলিন্ডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহামুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পেট্রোলবাহী লরিটি খালি ছিল। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের গাড়ি ও টহল পুলিশ ছুটে গিয়ে পদক্ষেপ গ্রহণ করায় ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

