বগুড়া প্রতিনিধি : শহরের ঠনঠনিয়া এলাকায় দিন দুপুরে রুবেল (২৬) নামে এক প্রাইভেটকার চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের সামছুন্নাহার ক্লিনিকের অদূরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেল ঠনঠনিয়া মোল্লাপাড়ার আসাদুজ্জামানের ছেলে এবং সামছুন্নাহার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. এমদাদুল হকের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সামছুন্নার ক্লিনিকে রোগী নিয়ে আসা একটি অ্যাম্বুলেন্স পার্কিং করা নিয়ে চালকের সঙ্গে রুবেলের ঝগড়া হয়। এ সময় রুবেল তার সহযোগিদের নিয়ে অ্যাম্বুলেন্স চালককে মারধর করেন। এর জের ধরে ওই অ্যাম্বুলেন্স চালকের লোকজন বুধবার রাতে রুবেলকে ঠনঠনিয়া এলাকায় ধাওয়া করে। এ সময় রুবেল দৌড়ে আত্মরক্ষা করেন।
বৃহস্পতিবার দুপুরে সামছুন্নাহার ক্লিনিকের অদূরে ইস্পাহানী চা অফিসের কাছে রুবেলকে একা পেয়ে দুর্বৃত্তরা উপুর্যপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, নিহতের বুকে ও পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে রুবেলকে খুন করা হয়েছে বলে প্রাথমিক নিশ্চিত হয়েছে পুলিশ।

