নিজস্ব প্রতিবেদক : মধ্যম আয়ের দেশের কথা বলে সরকার তাদের লুণ্ঠনকে আড়াল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ মন্তব্য করা হয়।
কৃষি, স্বাস্থ্য, পরিবহন, কর্মসংস্থানসহ জনগণের বেঁচে থাকার মৌলিক অধিকার বাস্তবায়নের দাবিতে পদযাত্রার পূর্বে এ সমাবেশের আয়োজন করে বাসদ (মার্কসবাদী)।
বাসদের কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ‘দেশে যারা অল্প জমির মালিক, যারা মধ্যবিত্ত তারাই সবচেয়ে বিপন্ন। কিন্তু সরকারি আমলারা মধ্যম আয়ের দেশের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে। শুধু তাই নয় মধ্যম আয়ের দেশের কথা বলে সরকার মূলত তাদের সব লুণ্ঠনকে আড়াল করার চেষ্টা করছে।’
এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) নামে যে কর্মসূচী দিয়েছে তার পুরো টাকা স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা ভাগবাটোয়ারা করে খাচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না।’
বর্তমান সংসদকে অবৈধ সংসদ আখ্যায়িত করে তিনি বলেন, ‘সরকারি দল ছাড়াই সংসদ চলছে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে অবৈধ সংসদ চলছে। যা কখনও কাম্য হতে পারে না।’
শুভ্রাংশু আরো বলেন, ‘সরকার বলছে খাদ্য আমাদের দেশে উদ্বৃত্ত হচ্ছে কিন্তু কৃষকরা এখনও ফসলের ন্যয্য মূল্য পাচ্ছে না। স্বাস্থ্য খাতকে ক্রমান্বয়ে প্রাইভেট সেক্টরে পরিণত করছে। প্রাইভেট ক্লিনিক, হাসপাতালে মধ্যবিত্ত মানুষ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সর্বশান্ত হচ্ছে আর গরীবদের জন্য স্বাস্থ্যসেবা বলতে কিছুই অবশিষ্ট নেই।’
এ থেকে মুক্তি পেতে আগামী ১১ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে দীর্ঘস্থায়ী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাব থেকে একটি মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।
এসময় দলটির অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

