ঝিনাইদহ প্রতিনিধি : ‘ওসির দুই গালে জুতা মারো তালে তালে, ভন্ড ওসির চামড়া তুলে নিব আমরা, একদফা এক দাবি ওসি তুই কবে যাবি’ এমন নানা শ্লোগানে ঝিনাইদহ সদর থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
রোববার সকাল ১১টার দিকে শহরের পায়রাচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকায় স্বেচ্ছাসেবক লীগ তরিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি, মামলা না নেয়া, তদন্তে অবহেলার প্রতিবাদে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।
পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক লীগ তরিকুল ইসলাম হত্যা করার পর থানায় মামলা নেয়নি পুলিশ। ওসি ইচ্ছেমত মামলার আসামি করা হয়েছে। বিভিন্ন কারণে তিনি মামলার মূল আসামিদের মামলা থেকে দূরে রাখছেন।
বক্তারা আরও বলেন, ঝিনাইদহ সদর থানায় বিপ্লব কুমার নাথ যোগদান করার পর শহরের আইন শৃঙ্খলা পরিস্তিতির অবনতি হয়েছে। হত্যা হয়েছে ৪ টি, ধর্ষণ হয়েছে ১০ টি, মাদক ব্যবসায়ীরা ঝিনাইদহে ফিরে এসেছে। থানায় নিয়মিত মাসোহারা দেয়ার মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মাদক বিক্রির স্পট। অবিলম্বে তারা ওসির প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ষাড়বাড়ীয়া এলাকার মডার্ন মোড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ কর্মী তরিকুল ইসলামকে কুপিয়ে মারাত্মক যখম করে দুবৃর্ত্তরা। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

