নিজস্ব প্রতি্বেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাষ্ট্রে একটি সংবিধান আছে। শাসনতন্ত্র আছে। এর বাইরে যাওয়া সম্ভব না। তাই দয়া করে আগাম নির্বাচন নিয়ে কথা বলবেন না। আগে দল গোছান। দলের ভেতরে শুদ্ধি অভিযান চালান। নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। তার পরে নির্বাচনে আসেন।আর সে নির্বাচন হবে ২০১৯ সালে।’
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযোদ্ধা জাদুঘরে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘গত বৃহস্পতিবার খালেদা জিয়া বলেছেন- “বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। আদালতে গিয়ে কোনো বিচার পাওয়া যায় না।” আমি বলতে চাই, পৃথিবীর কোনো দেশে মন্ত্রীর বিরুদ্ধে আদালত রায় দেয় এটা নজির নেই। কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব হয়েছে। এরপরও কি প্রমাণিত হয় না বিচার বিভাগ স্বাধীন?’
আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসে উল্লেখ করে তিনি বলেন, ‘কখনো আমরা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসিনি। জিয়াউর রহমান ষড়যন্ত্র ও রক্তের মাধ্যমে ক্ষমতায় এসেছে। খালেদা জিয়াও সেটা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তার সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ সালের মধ্যম আয়ের দেশ সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ‘মধ্যম আয়ের দেশ ২০২১ সালের আগেই হবে। এই স্বপ্ন এখন আর স্বপ্ন নেই। এখন এক এক করে স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।’
স্বাধীনতা পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি করিম আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

