নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারী থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী এবং এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আতর আলী, মোছা. মায়া বেগম ও ছিনতাইকারী আবুল কাশেম রুবেলকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ী রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ফেন্সিডিল খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে।
অপর এক ঘটনায় বৃহস্পতিবার ভোরে ওয়ারী থানা পুলিশ অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই ছিনতাইকারীর নাম আবুল কাশেম রুবেল। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা নগদ ২ হাজার ৫০০ টাকা, একটি চাপাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

