নিজস্ব প্রতিবেদক : মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল উপলক্ষে আগামী ৪ জুলাই শনিবার সুপ্রিমকোর্টে আসবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি ও ২০ দলীয় জোটের আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের ব্যানারে আয়োজিত এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে।
চেয়ারপারসনের আগমন উপলক্ষে চলছে প্রস্তুতি ও আমন্ত্রণ পত্র বিতরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিনিয়র আইনজীবী ও সাবেক মন্ত্রী বিচারপতি টিএইচ খান। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর বিষয়ক সম্পাদক, বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
সুপ্রিমকোর্ট বারের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, দলের স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বারের সম্পাদক ও বিএনপির যুগ্ন-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

