গাজীপুর প্রতিনিধি : জেলার কালিয়াকৈরের নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ছেলে ও তিন বছরের নাতনী আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই দেড়চালা এলাকার আনোয়ার উদ্দিনের ছেলে পিকআপ চালক আজিম উদ্দিন তার মা ও বোনের মেয়েকে নিয়ে সকাল ৯টার দিকে উপজেলার মেদীআশুলাই বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে উপজেলা মেদীআশুলাই-দেড়চালা আঞ্চলিক সড়কের মেদীআশুলাই উত্তরপাড়া এলাকায় পৌঁছলে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক আজিম উদ্দিন ও তার মা আজিরন বেগম এবং বোনের মেয়ে এলিমা আক্তার (৩) গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে মেদীআশুলাই বাজারে একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক আজিরণ বেগমকে মৃত ঘোষণা করেন। আহত আজিম উদ্দিন ও এলিমা আক্তারকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, সকালে পিকআপটি রাস্তা থেকে খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

