নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর কারাগার থেকে মুক্তির তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
পবিত্র হজ্ব ও মহানবীর (সা.) কে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার মামলায় কারাগারে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। মঙ্গলবার দুপুরে খেলাফত মজলিস থেকে প্রেরিত এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে আরো জানান হয়, পবিত্র হজ্ব ও মহানবীর (সা.) কে অবমাননাকারী আব্দুল লতিফ সিদ্দিকীর মুক্তির ব্যবস্থা করে সরকার তাওহিদি জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সঙ্গে সঙ্গে এ বিষয়টিও প্রমাণিত হয়েছে যে, জনরোষ থেকে লতিফ সিদ্দিকীকে বাঁচানোর জন্যে সেদিন সরকার তাকে গ্রেফতার করেছিল।
বিবৃতিতে আব্দুল লতিফ সিদ্দিকীকে অনতিবিলম্বে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। তা না হলে জনগণের তীব্র আন্দোলনের মুখে উদ্ভূত পরিস্থিতির সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
গত সোমবার লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্ত হন।

