নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাজারে ফার্নেস ওয়েলের দামের সঙ্গে সমন্বয় করে বিদ্যুতের দাম কমিয়ে বাজেট পাসের আহ্বান জানিয়েছে বিএনপি।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক দফা কমেছে। সরকারের সঙ্গে কুইকরেন্টাল কোম্পানিগুলোর যে সময় চুক্তি হয় তখন ফার্নেস ওয়েলের দাম বেশি ছিল। তখন বিদ্যুতের মূল্যও বেশি ছিল। এখন বিদ্যুতের দাম কমিয়ে বাজেট পাস করতে হবে। সরকার যদি বিদ্যুতের দাম না কমিয়ে বাজেট পাস করে তাহলে আমরা ধরে নেবো এ সরকার জনগণের সরকার নয়। এরা জনগণের পকেট কাটার জন্য ক্ষমতায় এসেছে।’
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সমালোচনা করে তিনি বলেন, ‘মুহিত দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে লেজে-গোবরে একত্রে করে ফেলেছেন তিনি। রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে হরিলুট করা হয়েছে। যারা হরিলুটের সঙ্গে জড়িত অর্থমন্ত্রী তাদের কিছুই করতে পারেননি। শুধু অসহয়ের মতো দেখছেন। তিনি রাবিস খবিশ বলে দুর্নীতির দায় এড়াতে পারেন না।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার জনগণের টাকা ব্যাংক থেকে লুণ্ঠন করতে সহযোগিতা করছে। অপরদিকে ব্যাংকে জনগণের গচ্ছিত অংশের লভ্যাংশ কমিয়ে দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘অর্থমন্ত্রী যদি জনগণের টাকার নিরাপত্তা দিতে না পারেন তাহলে তার এই পদে থাকার যুক্তি কতটুকু? ক্ষমতাসীন দলের অনেকে টাকা পাচার করে মালয়েশিয়াকে সেকেন্ড হোম তৈরি করে ফেলেছে। তাদের কোনো বিচার করা হচ্ছে না।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোসাদ্দের আলী একটি কোম্পানিকে কাজ পায়ইয়ে দিতে কমিশনের মাধ্যমে দুর্নীতি করেছে তার কোনো বিচার হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মুরাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) শাহ জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

