নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে তানজিলা আক্তার শিমু (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল সোয়া ৭টার দিকে তানজিলাকে অচেতন অবস্থায় তার স্বামী জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলাউদ্দিন পুলিশকে জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে তানজিলা আত্মহত্যা করেছে।
আলাউদ্দিন রিকসা গ্যারেজের মালিক। তার বাসা ১৬৭/৪ বোরহানপুর , হাজারীবাগ।
ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পের দায়িত্বরত অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, আমরা পরিবারের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার স্বামীকে আটক করেছি। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
নিহতের ভাই সুজন সর্দার জানান, চার বছর আগে তার বোনকে আলাউদ্দিনের সঙ্গে বিয়ে দেন। তাদের দেড় বছর বয়সী একটি কন্যা সন্তানও আছে।
তিনি অভিযোগ করেন, আমার বোন কখনো আত্মহত্যা করে নাই। তাকে হত্যা করা হয়েছে। প্রায়ই তানজিলাকে তার স্বামী টাকা পয়সার জন্য মারধর করতো।

