চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় দুইটি পৃথক ঘটনায় ৪হাজার ৭শ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, শুক্রবার রাত দেড়টার দিকে গ্রীন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তারেক হুমায়ুন ওরফে লিটনের (২০) কাছ থেকে ১৮শ পিস ইয়াবা জব্দ করা হয়। দুইটি বইয়ের মধ্যে পৃথক ভাবে ১হাজার ও ৮শ পিস ইয়াবা বিশেষভাবে রেখে কক্সবাজার থেকে ইয়াবাগুলো আনা হচ্ছিল।
আটক লিটন কক্সবাজার সদর থানার হাজীপাড়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
এছাড়া পৃথক ঘটনায় শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে ২হাজার ৯শ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার মহেশখালীয়া পাড়ার বাসিন্দা হোসেন আলীর ছেলে রশীদ আহমেদ (৩০) ও রাজশাহী সদরের চন্দ্রীপুর এলাকার বাসিন্দা বেলাল হোসেনের মেয়ে হুমায়রা আক্তার রিফা (২৫)।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন আরো জানান, শাহ আমানত সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রশীদের কাছ থেকে ২হাজার পিস ও রিফার কাছ থেকে ৯শ পিস ইয়াবা জব্দ করা হয়। তারা একে অপরের তালতো ভাই-বোন বলে পরিচয় দিয়েছে পুলিশের কাছে।
পৃথক এই দুই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

