পটুয়াখালী প্রতিনিধি : কুয়াকাটায় একটি মাছধরার ফাইবার ফিসিংবোটসহ ৬ ভারতীয় জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইঞ্জিনের জ্বালানি ফুরিয়ে যাওয়া বোটটি ভেসে কুয়াকাটা ঝাউবন সংলগ্ন তীরে আসলে বোটসহ ওই ৬ জেলেকে আটক করা হয়।
কুয়াকাটা নৌ পুলিশের এসআই সঞ্জয় মণ্ডল জানান, আটকৃত জেলেরা ইংরেজি, হিন্দী কিংবা বাংলা এর কোনো ভাষা না বোঝায় তাদের সম্পর্কে বিস্তারিত এ মুহূর্তে জানা সম্ভব হয়নি। তবে তাদের কাছে ভারতের অন্দ্র প্রদেশের একটি পরিচয়পত্র রয়েছে। এসব কারণে তাদের অন্দ্র প্রদেশের লোক হিসেবেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, আটকৃতদের বয়স ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে এরা তেলেগু ভাষায় কথা বলছেন। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

