চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের চৌধুরী পাড়া নয়দুয়ার এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটো রিকশার চালক নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নুরুল ইসলাম (৩৮)। তিনি মিরসরাইয়ের পূর্ব মায়ান এলাকার বাসিন্দা জহিরুল হকের ছেলে। এছাড়া একই ঘটনায় সিএনজি অটো রিকশার যাত্রী দুই সহোদর সাইফুল (১৮) ও আজাদ (২০) আহত হন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফরিদ উদ্দিন বলেন, ‘মিরসরাই চৌধুরী পাড়া নয়দুয়ার এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটো রিকশার চালক নিহত ও আরো দুইজন আহত হন। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করা হয়েছে।’

