নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাষাণটেকের দেওয়ান পাড়া এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহত ব্যক্তির নাম শাহ্ পরান (২৬)। তার বাসা মিরপুর ১ নম্বরে।
শাহ্ পরানের সহকর্মী জামাল আহমেদ জানান, শাহ্ পরান মিরপুরের ১৪/১৫ সেনপাড়া পর্বতা এলাকায় এমকে প্লাস নামক একটি প্রতিষ্ঠানে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে ভাষাণটেকের দেওয়ান পাড়া এলাকায় ৪ থেকে ৫ ছিনতাইকারী তার পথরোধ করে।
এসময় বাধা দিলে শাহ্ পরানকে কুপিয়ে তার কাছে থাকা এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

