চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বায়োজিদ থানার রুবি গেট এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে কারটির তেলের ট্যাংক থেকে ১২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় স্বর্ণের তিন বাহককেও আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. জহির (৩০), মো. ফারুক (২৯) ও গাড়ী চালক মো. জাকির (২৫)।
বায়োজিদ থানার ওসি প্রদীশ কুমার দাশ বলেন, ‘চট্টগ্রাম নগরীর হিলভিউ আবাসিক এলাকা থেকে প্রাইভেটকারটি নিয়ে ঢাকায় স্বর্ণগুলো পাচার করতে যাচ্ছিল এই তিনজন। গোপন সংবাদের ভিত্তিতে রুবি গেট এলাকায় কারটি আটকানো হয়। সেটিতে তল্লাশি চালালে তেলের ট্যাংকের ভেতর সুকৌশলে চিকন কাপড়ের তৈরি ২টি বেল্টের ভেতর ৬০টি করে মোট ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্নের ওজন ১২ কেজি ও বাজারমূল্য ৬ কোটি টাকা।’
এঘটনায় ওই তিন যুবককে আটক করা হয় এবং সেই সাথে প্রাইভেট কারটিও জব্দ করা হয়। এ বিষয়ে আটক তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

