আর্ন্তজাতিক ডেস্ক : রমজানের ঠিক আগে চীনের মুসলমান অধ্যুষিত দক্ষিণের প্রদেশে শিনজিয়াংয়ের একটি গ্রামে বিয়ার উৎসব করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
শিনজিয়াংয়ে বসবাসরত উইঘুর মুসলমানদের ওপর বরাবরই ধর্মীয়ভাবে নিপীড়ন চালিয়ে থাকে চীনের কমিউনিস্ট সরকার। এখানে গত তিন বছর ধরে মুসলমানদের ওপর রোজা রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত সোমবার নিয়া জেলায় বিয়ার উৎসবের আয়োজন করে স্থানীয় সরকার। নিয়ার অধিকাংশই বাসিন্দা উইঘুর মুসলমান। কোরআনের বিধান অনুযায়ী, মুসলমানদের জন্য মদ ও মদজাতীয় পানীয় হারাম।
নিয়া জেলার সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, রমজানের ঠিক আগে গত সোমবার অনুষ্ঠিত বিয়ার প্রতিযোগীতায় ৬০ জনেরও বেশি তরুণ ,কৃষক ও পশুপালক অংশ নিয়েছেন।
ওয়েবসাইটে দেয়া ছবিতে দেখা গেছে, একটি মঞ্চের সামনে নারীরা নাচছেন, আর মঞ্চে লাইন ধরে এক মিনিটে কে কতোটা বিয়ার পান করতে পারে তার প্রতিযোগীতা চলছে। প্রতিযোগীদের পরনে ঐতিহ্যবাহী উইগুরের টুপি ছিল। প্রতিযোগীতায় বিজয়ীদের এক হাজার ইউয়ানের বেশি অর্থ পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ।
প্রতিবেদনটি রোববার আঞ্চলিক সরকারের নিউজ ওয়েবসাইটে তুলে দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ‘আধুনিক সংস্কৃতি ব্যবহার করে গ্রামের সাংস্কৃতিক জীবনকে উজ্জীবিত করে ধর্মের অবৈধ আনুষ্ঠানিকতাগুলি সঙ্কুচিত করে গ্রামীণ ছন্দ ও স্থিতিশীলতা ধরে রাখতে এ আয়োজন করা হয়েছে।’
ওয়ার্ল্ড উইগুর কংগ্রেসের মুখপাত্র দিলশাত রক্ষিত এ আয়োজনের নিন্দা করেছেন। এক ইমেইল বার্তায় তিনি এ আয়োজনকে ‘ইসলামি বিশ্বাসের প্রতি প্রকাশ্য উস্কানি’ বলেছেন।

