নিজস্ব প্রতিবেদক : বর্তমানে বিজেএমএ’র আওতাধীন ৩৫টি ও বিজেএসএ’র আওতাধীন ২৬টিসহ মোট ৬১টি মিল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজউদ্দিন প্রামাণিক। আর সে কলগুলোর মোট ৫৬ হাজার ১৫৭ জন লোক বেকার বলে জানান তিনি।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য একেএম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এসময় তিনি বর্তমানে দেশের ২০৯টি পাটকল চালু রয়েছে বলেও জানান।
প্রামাণিক জানান, এই বেকার শ্রমিকের সংখ্যা বিজেএমএ’র ৪৭ হাজার ৬৮২ এবং বিজেএসএ’র ৮ হাজার ৪৭৫ জনসহ মোট ৫৬ হাজার ১৫৭ জন। তবে বিজেএমসির আওতাধীন কোনো পাটকল বন্ধ নেই বিধায় কোনো শ্রমিক বেকার নেই বলে তিনি জানান।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রাইভেট সেক্টরে চালু মিল বিজেএমএ’র আওতাধীন ১০৪ এবং বিজেএসএ’র আওতাধীন ৮০টিসহ মোট ১৭৪টি জুট মিল রয়েছে। ওই মিলগুলোতে হেসিয়ান, সেকিং, সিবিসি (কার্পেট বেকিং ক্লথ), কার্পেট, ইয়ার্ন/টোয়াইন উৎপাদিত হয়।’ সেই সঙ্গে ২০১৩-১৪ অর্থবছরে দেশে ৭৫ দশমিক ০১ লাখ বেল পাট উৎপাদন হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

