অর্থনৈতিক প্রতিবেদক : সন্ধ্যা ৬টার পর নারী কর্মীদের ব্যাংকে অবস্থানে বাধ্য না করতে দেশে কার্যরত সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পক্ষ থেকে জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সময়সূচী বা সন্ধ্যা ৬টার পর অবস্থান করতে হলে নারী কর্মীকে উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক প্রদান করতে হবে।
এতে আরো বলা হয়, ব্যাংকগুলোকে ইচ্ছামত কর্মী ছাঁটাই বন্ধ করতে হবে। নিয়োগকালেই পেশাদারিত্বের সঙ্গে প্রার্থীকে যাচাই-বাছাই করতে হবে। নিয়োগকৃত কর্মকর্তা/কর্মচারীকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে তুলতে হবে।
একইসঙ্গে কর্মী অপসারণ, ইস্তফা ও পরবর্তী আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কনভেনশন, শ্রম আইন-২০০৬ এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলার নির্দেশ দেয়া হয় ওই সার্কুলারে।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে নারী কর্মীদের জোরপূর্বক ব্যাংক অবস্থান করানো ও ঢালাওভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ পাওয়ায় এ নির্দেশনা দেয়া হয়েছে।

