আন্তর্জাতিক ডেস্ক : জাপানে এক আগ্নেয় পর্বতে শুরু হয়েছে ভয়াবহ অগ্নুৎপাত।
দক্ষিণ-পশ্চিম জাপানের কাগোশিমা প্রদেশের অন্তর্গত কুচিনোয়েরাবুজিমা দ্বীপে অবস্থিত আগ্নেয় পর্বত শিনদাকে হঠাৎ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে।
মুহূর্তের মধ্যে গ্যাসীয় ধুম্রকুণ্ডুলী উদ্গীরিত হয়। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়।
প্রশাসন ঐ এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে।
এবং ঐ রুট ধরে চলাচলরত বিমানগুলোকে যাত্রাপথ পরিবর্তন করার পরামর্শ দিয়েছে।
ঐ দ্বীপে কার্যরত প্রশাসনিক কর্মকর্তা নবুয়াকি হায়াশি জাপানি টেলিভিশন এনএইচকে-কে কালো ধোঁয়ার প্রলয়ঙ্করী রূপ সম্পর্কে জানান।
জানা যায় ধুম্রকুণ্ডুলির সঙ্গে ছড়িয়ে পড়েছে লাভার উত্তপ্ত ও বিষাক্ত বাষ্প। ৭২ বছর বয়েসী এক স্থানীয় বৃদ্ধের মুখ পুড়ে গেছে।
দ্বীপে নিবন্ধিত ১৩৭ নাগরিকের বসবাস। কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
আগ্নেয় পর্বতের ধোঁয়া চূড়া থেকে প্রায় ৯০০০ মিটার উঁচুতে উঠে গেছে বণে জানা যায়।
জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ আকাশে থাকা বিমানগুলোকে কাগোশিমার সীমানা এড়িয়ে ওকিনাওয়া অথবা দক্ষিণপূর্ব এশিয়ার আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

