মাদারীপুর প্রতিনিধি : ‘আসন্ন দুই ঈদ পুরোপুরি বর্ষা মৌসুমে। তাই এই দুই ঈদে দেশের দুই নৌরুটের বিষয়ে সর্তক অবস্থানে রয়েছে সরকার। যাত্রীদের চাপ মোকাবিলায় প্রয়োজনে ফেরিতে করে যাত্রী পার করা হবে।’
শুক্রবার সকালে মাদারীপুর লেকের সৌন্দর্য বর্ধনের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মাদারীপুরের কাওড়াকান্দি-শিমুলিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী লঞ্চ ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী তোলা হবে। এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।’
এ সময় নৌমন্ত্রী আরো বলেন, ‘সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলে যে লঞ্চগুলো চলাচল করে সেক্ষেত্রেও ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী তোলা হবে। বিআইডব্লিউটিসির এমভি বাঙালি জাহাজটি কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে এবারের ঈদে নিয়ে আসা হবে। এছাড়াও আরো একটি বড় জাহাজ আনা হবে। যাতে করে ২টি ঈদেই নৌপথে যাত্রীদের উন্নতমানের সেবা দেয়া যায়।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

