অর্থনৈতিক প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য সার্বভৌম সম্পদ তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান গভর্নর।
তিনি বলেন, ‘এ তহবিল দেশের বৃহত্তর উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হবে। তহবিল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। উন্নয়নশীল দেশে রিজার্ভ থেকে তহবিল গঠন না করার রীতি না থাকলেও বাংলাদেশে তা করা হবে।’
দেশের মানব সম্পদের দক্ষতা বাড়াতে প্রতিটি ব্যাংকে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় একটি করে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করার পরামর্শ দেনও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
তিনি বলেন, ‘আমাদের তরুণরা পাচার হয়ে সাগরে ভাসছে। তারা দক্ষ হলে এভাবে ঝুঁকি নিয়ে সাগরে পাড়ি দিত না। এজন্য দেশের বেকারত্ব দূরীকরণে দক্ষতা উন্নয়ন কেন্দ্র সহায়ক ভূমিকা রাখবে। যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে যদি দক্ষ করা যায় তাহলে শিল্প কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাচার হয়ে সাগরে ভাসতে হবে না তাদের। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।’
রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে আতিউর রহমান বলেন, ‘আমাদের অর্থনৈতিক বেশিভাগ সূচক ইতিবাচক রয়েছে। দেশের কৃষি খাত উন্নয়নে স্বল্প সুদে ঋণসহ বিভিন্ন সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আসন্ন বাজেট গাভী চাষে অর্থ সহায়তা করবে সরকার। ফলে আমরা গাভী চাষে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ দিবে পারবো।’
বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুল রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।
অনুষ্ঠানে এসএসসি পাস করা ৩শ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ২০ হাজার টাকার ও এইচএসসি পাস করা ২শ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

