নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির সাজা থেকে খালাস চেয়ে করা জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল আবেদনের সারসংক্ষেপ আগামী চার সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
মীর কাসেমের আপিলের সারসংক্ষেপ আজ জমা দেয়ার নির্ধারিত তারিখ ছিলো। কিন্তু আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে চার সপ্তাহ সময় বাড়িয়ে দেয়া হয়।
আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে গত বছরের ৩১ ডিসেম্বর আপিলটি দায়ের করেন। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মীর কাসেম আলীর পক্ষে অ্যাডভোকেট (অন রেকর্ড) জয়নুল আবেদীন তুহিন এটি দায়ের করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

