নিজস্ব প্রতিবেদক : সাগরে পরিত্যক্ত নৌকায় মৃত ও জীবিত বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের নির্দেশনা চেয়ে দাখিল করা রিটের শুনানি শেষ। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার আদেশ দেবেন আদালত।
মানবাধিকার সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করে।
বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. মিজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়। আগামীকাল এ ব্যাপারে আদেশে দেয়া হবে বলে দিন ধার্য করেন আদালত।
সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট তাজুল ইসলাম রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাদুল করিম।
রিটে স্বরাষ্ট্র, পরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, কক্সবাজার জেলা প্রশাসক, এসপি, টেকনাফ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে তাজুল বলেন, ‘সাগরে ভাসমান নৌকায় ও থাইল্যোন্ডের গভীর জঙ্গলে যেসকল বাংলাদেশি নাগরিক রয়েছে তাদেরকে উদ্ধারে সরকার যথাপোযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। সরকার বলছে- তারা অবৈধভাবে বিদেশে গিয়েছে। কিন্তু সেখানে নারী ও শিশু রয়েছে। তাদের আগে উদ্ধার করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘আমারা আদালতে বলেছি আগে এ সকল নারী ও শিশুদের উদ্ধার করা হোক, পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যাবে। আমারা রিট আবেদনে মৃত ও জীবিত বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের নির্দেশনা চেয়েছি এবং এ দায়িত্ব পালনে সরকারের নিস্ক্রিয়তা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানিয়েছি।’

