আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার এক গ্রামে সোমবার রাতে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ এবং মাইন হামলায় কমপক্ষে ২৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। মঙ্গলবার ওই হত্যার দায় স্বীকার করেছে আল শাবব। গত মাসে গারিসা হামলার পর সম্প্রতি দেশটিতে এটিই তাদের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।
আল শাবাবের সামরিক মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব জানিয়েছেন, সোমবার রাতে গারিসা থেকে ৭০ কিলোমিটার উত্তরের উম্বিস গ্রামে পুলিশের সঙ্গে তাদের বন্দুক যুদ্ধ হয়। এসময় তারা ২০ কর্মকর্তাকে হত্যা করেন। পরে তাদের পুঁতে রাখা এক স্থলমাইনের আঘাতে নিহত হন পুলিশের বাকি পাঁচ কর্মকর্তা।
ওই মুখপাত্র আরো জানিয়েছেন,‘আমরা তাদের সকল অস্ত্র ছিনিয়ে নিয়েছি। তবে আমাদের হামলা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন কেনিয়ার আরো কয়েকজন পুলিশ সদস্য।’ পরে পুলিশের কাছ থেকে দখল করা পাঁচটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে বলেও ওই মুখপাত্র দাবি করেছেন।
আল জাজিরা প্রতিনিধি মোহাম্মদ আদু জানিয়েছেন, গার্সিয়ার পুলিশ বাহিনী সোমবারের ওই হামলায় তাদের ২০ কর্মকর্তার নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
আল জাজিরা আরো জানাচ্ছে, সোমবার রাতে গারিসা এবং দাদাব এলাকার মধ্যবর্তী শরণার্থী শিবিরে পাহারা দিচ্ছিল পুলিশ। এসময় একটি বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনার পরপরই পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এসময় হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজন পুলিশ সদস্য পাশের একটি উদ্বাস্তু শিবিরে গিয়ে আশ্রয় নেয়।
এর আগে নাম প্রকাশ না করার শর্তে অন্য এক পুলিশ কর্মকর্তা জানিয়েছিলেন, ওই হামলার পর তাদের পাঁচ পুলিশ কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছেন। এছাড়া হামলাকারীরা তাদের চারটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও তিনি জানিয়েছেন।
এর আগেও আল শাবাব গোষ্ঠী কেনিয়ায় আরো বেশ কয়েকটি হামলা চালিয়েছে। গত মাসে তারা গার্সিয়া বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ১৪৮ ছাত্রকে হত্যা করেছিল।

