অর্থনৈতিক প্রতিবেদক : বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে ডেভেলপারদের ১২ বছরের কর অবকাশ সুবিধা দিতে পারে সরকার। সেইসঙ্গে অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদেরও ১০ বছরের কর অবকাশ সুবিধা দেয়া হতে পারে।
আসন্ন ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বিষয়গুলো অন্তর্ভুক্তির জন্য এসব বিষয়ের প্রস্তাবনা প্রস্তুত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাবনাটি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর অনুমোদন পেলেই এই সুবিধা কার্যকর হবে।
এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, চলতি অর্থবছরে ৩৬টি খাতের ওপর এ কর অবকাশ সুবিধা রয়েছে। এর মধ্যে ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি খাত, বায়োটেকনোলজি, বায়োফার্টিলাইজার ও পরিবেশ বান্ধব ইটভাটা উল্লেখযোগ্য।
এনবিআর সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরে (ঢাকার বাইরে) কিছু ইকোনমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) তথা উৎপাদনমুখী শিল্প তৈরি করতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে ডেভেলপার ও বেসরকারি বিনিয়োগকারীদের ভূমিকা বেশি থাকায় ওইসব অর্থনৈতিক অঞ্চল গঠনে তাদেরকে কিছু সময়ের কর অবকাশ সুবিধা দেয়ার জন্য প্রস্তাব করবে এনবিআর। এজন্য একটি প্রস্তবনাও তৈরি করা হয়েছে। সেই প্রস্তাবনায় ডেভেলপারদের আয়ের ওপর ১২ বছরের কর অবকাশ সুবিধা দেয়ার কথা বলা হয়েছে। এই ১২ বছরের মধ্যে তাদের আয় শুরুর পর থেকে প্রথম ১০ বছর সম্পূর্ণ কর অবকাশ সুবিধা, ১১তম বছরে ৭০ শতাংশ এবং ১২তম বছরে ৩০ শতাংশ অবকাশ সুবিধা দেয়ার কথা বলা হয়েছে।
প্রস্তবনায় আরো বলা হয়েছে, এই ক্ষেত্রে যারা বিনিয়োগ করবেন, তাদের আয়ের ওপর ১০ বছরের কর অবকাশ সুবিধা দেয়া হবে। এরমধ্যে প্রথম তিন বছর তারা সম্পূর্ণভাবে এই সুবিধা পাবেন। তবে পরবর্তী বছরগুলোতে ধারাবাহিকভাবে হ্রাস করে এই সুবিধা দেয়া হবে। অর্থাৎ ৪র্থ বছরের জন্য ৭০ শতাংশ, ৫ম বছরের জন্য ৬০ শতাংশ, ৬ষ্ঠ বছরের জন্য ৫০ শতাংশ, ৭ম বছরের জন্য ৪০ শতাংশ, ৮ম বছরের জন্য ৩০ শতাংশ, ৯ম বছরের জন্য ২০ শতাংশ ও ১০ম বছরের জন্য ১০ শতাংশ হারে কর অবকাশ সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। তবে এজন্য তাদের আয় ও বিনিয়োগের অর্থের স্বচ্ছতা, কর সনাক্তকারী নম্বর (টিআইএন) ও নিয়মিত রিটার্ন দাখিলের হিসেব থাকতে হবে বলেও জানায় সূত্রটি।
এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বলেন, ‘দেশের অর্থনৈতিক দ্রুত উন্নয়ের জন্য বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে ও তাতে বিনিয়োগ করতে বিনিয়োগকারী ও ডেভেলপারদের বিশেষ ছাড় দেয়ার প্রস্তাব করা হবে। আর ছাড় হিসেবে বিনিয়োগকারী ও ডেভেলপারদের উৎসাহিত করার জন্য তাদেরকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য কর অবকাশ সুবিধা দেয়ার প্রস্তাব করার কথা রয়েছে। এজন্য একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে।’

