নিজস্ব প্রতিবেদক : দেশে খাদ্য অধিকার আইন প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
তিনি বলেছেন, সরকার ইতিমধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। এজন্য খাদ্য নীতিও গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে খাদ্য অধিকার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বিষয়টি নিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন।
সোমবার জাতীয় সংসদ ভবনে নিজ দপ্তরে যুব সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন অক্সফামের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভাসির্টি, ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীদের যুব সংসদ প্রতিনিধিগণ।
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, খাদ্য অধিকার নিশ্চিত করার বিষয়ে ছায়া সংসদ একটি ইতিবাচক উদ্যোগ নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খাদ্য নিরাপত্তার বিষয়ে সচেতন। যে কারণে খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে উন্নীত হয়েছে। তাই খাদ্য অধিকার আইন প্রণয়নে কোন বাধা নেই। তবে এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়কে বিল আনতে হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে খাদ্য মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে প্রতিনিধি দলের পক্ষ থেকে ছায়া সংসদের প্রস্তাবিত ‘খাদ্য অধিকার বিল-২০১৪’ শীর্ষক একটি আইনের প্রস্তাবনা সম্বলিত পুস্তিকা ডেপুটি স্পিকারের কাছে হস্তান্তর করা হয়। যা সব সংসদ সদস্যের কাছে পাঠানো হবে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, খাদ্য মানুষের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে খাদ্যের প্রাপ্যতা, অভিগম্যতা ও পর্যাপ্ততা থাকতে হবে। যাতে কেউ বঞ্চিত না হয়। এজন্য একটি আইন প্রণয়ন করতে হবে। যাতে রাষ্ট্র খাদ্য নিরাপত্তার বিষয়ে জনগনের কাছে দ্বায়বদ্ধ থাকে।

