আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় সবমিলিয়ে ১৩৯টি গণকবর এবং ২৮টি মানব পাচারকারীদের শিবির খুঁজে পাওয়া গেছে। থাইল্যান্ডের সীমান্ত সংলগ্ন পাডাং বেসারে এসব কবর এবং শিবির খুঁজে পাওয়া গেছে বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে মালয়েশিয়ার ‘নিউ স্ট্রেইটস টাইমস’ পত্রিকা।
এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এই গণকবরের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
মালয়েশিয়ার পুলিশ পরিদর্শক খালিদ আবু বকর জানিয়েছেন, থাইল্যান্ডের সীমান্ত সংলগ্ন পার্লিস প্রদেশের পাদাং বেসার এলাকায় অভিবাসীপ্রত্যাশীদের ১৩৯টি গণকবর এবং ২৮টি শিবিরের সন্ধান মিলেছে। এসব কবরে ভাগ্যহত রোহিঙ্গা এবং বাংলাদেশিদের শত শত লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এক একটা কবরে কতটি করে লাশ থাকতে পারে সে বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেননি। তিনি আরো জানিয়েছেন, মানব পাচারকারীদের যেসব শিবির খুঁজে পাওয়া গেছে এর সবচেয়ে বড়টিতে একসঙ্গে তিনশ মানুষ থাকতে পারে।
দক্ষিণ পূর্ব এশিয়ায় মানব পাচার সঙ্কট শুরু হওয়ার পর মালয়েশিয়ার মাটিতে এবারই প্রথম গণকবর এবং পাচারশিবির খুঁজে পাওয়া গেল।
এর আগে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পার্লিস প্রদেশের দুটি স্থানে ৩০টি বড় আকারের গণকবর খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। রোববার স্থানীয় ‘উতুসান মালয়েশিয়া’ সংবাদপত্রের বরাত দিয়েতারা এ খবর জানিয়েছিল। এসব কবরে শত শত এসব কবরে ভাগ্যহত শত শত অভিবাসী প্রত্যাশীদের লাশ রয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। এছাড়া দেশটির ‘দা স্টার নিউজপেপার’য়ের অনলাইন ভার্সনে বলা হয়েছিল, শুক্রবার একটি গণকবরে কমপক্ষে ১শ জনের লাশ পাওয়া গেছে।
সোমবার এ ইস্যুতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা রয়েছে মালয়েশিয়া পুলিশের।
এদিকে গণকবর উদ্ধার করার পর এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক। রোববার টুইটার এবং ফেসবুকে দেয়া ওই বিবৃতিতে মালয়েশিয়ার মাটিতে এসব মানব পাচারকারীদের সক্রিয় থাকার ঘটনায় তিনি দু:খ প্রকাশ করেছেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদি পার্লিসের পাদাং বেসার এলাকায় কয়েকটি গণকবর এবং ১৭টি শিবির খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করেছিলেন।

