আন্তর্জাতিক ডেস্ক : আবারো কেঁপে ওঠেছে কাঠমান্ডু। রোববার স্থানীয় সময় রাত ৩টা ২৩ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত।
মধ্যরাতে ওই ভূকম্পন অনুভূত হওয়ার পর ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ছুটে আসে আতঙ্কিত লোকজন। অবশ্য ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর কাঠমান্ডুর বহু মানুষ এখনো খোলা আকাশের নিচেই অবস্থান করছে।
নেপালের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র(এনএসসি) জানিয়েছে, ওই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কাঠমান্ডু থেকে ৮৫ কিলোমিটার পশ্চিমের গোরখা এলাকা। তারা ওই ভূমিকম্পে মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক থাকতে বলেছেন। ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর এই কম্পনকে খুব সাধারণভাবেই দেখছেন তারা। তারা আরো জানিয়েছেন, কোনো বড় ভূমিকম্পের পর এ ধরনের ছোট ছোট কম্পন অতি সাধারণ ঘটনা।
লাক্সমি প্রসাদ ধকল নামে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আগের ভূমিকম্পে বিশাল ক্ষতি হলেও এই ভূমিকম্প থেকে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২৯ মে নেপালের প্রজাতন্ত্র দিবস পালনের কথা ছিল। কিন্তু ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে চলমান পরিস্থিতি বিবেচনা করে এ বছর প্রজাতন্ত্র দিবসটি পালন করা হবে না বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।
২০০৮ সালে নেপালকে গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে প্রতিবছরই এ দিবসের আয়োজন করে থাকেন দেশটির প্রেসিডেন্ট।

