নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.কাবেরী গায়েনসহ ১০জন বিশিষ্টজনকে ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলা-১৩’ নামের সংগঠনের প্রাণনাশের হুমকির প্রতিবাদে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, যে দশজন বরেণ্য ব্যক্তিকে হত্যার হুমকী দেয়া হয়েছে এর তিনজনই আমাদের বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধির চর্চাকারী। এর আগেও বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় বেশকয়েকজন মুক্তমনাকে হত্যা করেছে। এঘটনার সঙ্গে তার যোগসাজশ আছে। পুলিশ প্রশাসনকে এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার জোড়ালো আহ্বান জানাচ্ছি।
বক্তারা বলেন, এধরনের ঘটনা বারবার ঘটছে এবং প্রতিবারই জড়িতরা পার পেয়ে যাচ্ছে। তারা যদি এভাবে পার পেয়েই যাবেন তবে সরকারের কর্তাব্যক্তিরা আছেন কেন? যৌন নিপীড়ন এবং মৌলবাদিদের উত্থান সরকারের সমস্ত অর্জনকে ম্লান করে দিচ্ছে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনকে গা ঝাড়া দিয়ে উঠে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
মানববন্ধনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আখতার সুলতানা এবং অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। অ্যাসোসিয়েশনের মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ।
মানববন্ধনে সমাপনী বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন।

