বিনোদন ডেস্ক : জাতীয় খেলা কাবাডি নিয়ে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসতে মন লাগে’। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক কালাম কায়সার।
‘ভালোবাসতে মন লাগে’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত হৃদয় চৌধুরী ও চিত্রনায়িকা নির্জনা। ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আসিফ ইকবাল, পূজা, গুলশান আরা বেগম, সিমান্ত প্রমূখ।
চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে পরিচালক কালাম কায়সার বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার পরপরিই মুক্তির প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি কাবাডি খেলা নির্ভর এই ছবিটি দর্শকদের ভালো লাগবে।’
ছবিতে মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- মমতাজ, ন্যানসি, বেবী নাজনীন, কোনাল ও রুপম। সংগীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন। অন্যদিকে ছবির টাইটেল গান ‘ভালোবাসতে মন লাগে’তে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ন্যান্সি ও রুপম।
উল্লেখ্য, কাবাডি খেলা কেন্দ্রিক চলচ্চিত্র ‘ভালোবাসতে মন লাগে’ নির্মাণে সার্বিক সহযোগীতা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

